গোলাম সারওয়ার সজল :
সাভারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার রেডিও কলোনি মডেল হাই স্কুল-এর এসএসসি ১৯৯৮ ব্যাচের উদ্যোগে এক আন্তরিক ও আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত সময় কাটান অংশগ্রহণকারীরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের এম কে টাওয়ারের দশম তলায় অবস্থিত Grill Garden Restaurant & Party Convention Hall-এ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকেল থেকেই একে একে ব্যাচের সদস্যরা উপস্থিত হতে শুরু করেন। পরস্পরের সঙ্গে কুশল বিনিময়, স্কুলজীবনের স্মৃতি রোমন্থন এবং ছবি তোলায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
এসময় উপস্থিত ছিলেন ৯৮ বন্ধু এডভোকেট মেহেদী হাসান মাসুম,ইকবাল হোসেন চৌধুরী, নাজমুল ইসলাম তিতাস, মাসুদুর মিঠু,শাহিন, রানা,রওশন জাহান শান্তি, কামরুন্নাহার লাকী, শাহানাজ,সুলতানা বিথি,শাহিনুর আক্তার,বিন্তে হাবিবরসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এ ধরনের আয়োজন বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং সামাজিক দায়বদ্ধতার অনুভূতি জাগ্রত করে। পরে দেশ, জাতি ও প্রয়াত শিক্ষক-সহপাঠীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। খেজুর, ফলমূল, বিভিন্ন ভাজাপোড়া ও বিশেষ আয়োজনের খাবারে সাজানো ছিল ইফতারের টেবিল। ইফতারের পর নৈশভোজেরও ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানে ব্যাচের সমন্বয়ক ও আয়োজক কমিটির সদস্যরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
সার্বিকভাবে ইফতার মাহফিলটি ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা উপস্থিত সবার মনে আনন্দ ও আবেগের রেশ ছড়িয়ে দেয়।





