গোলাম সারওয়ার সজল :
২৬ মার্চ ২০২৬ তারিখে সাভার উপজেলার বিরুলিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রত্যাশিত শ্মশান ঘাট নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (গ্রাম আদালত) ও সাবেক সদস্য সচিব, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি হাজী মো: মনিরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হাজী মো: মনিরুল হক বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। বিরুলিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাটের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। আজ সেই প্রয়োজন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় শ্মশান ঘাটের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হবে। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানান, শ্মশান ঘাট নির্মিত হলে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং একটি স্থায়ী সমাধান মিলবে।
এ মহৎ উদ্যোগ বিরুলিয়া গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।





