গোলাম সারওয়ার সজল :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী এবং জাতীয়তাবাদী আইনজীবী সমিতির মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা আফরিনের উদ্যোগে ডগরমোড়া এলাকায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,“সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক রাজনীতির অন্যতম দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং এটি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম বলেন,“সাভার পৌর এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিএনপি সব সময় কাজ করে যাচ্ছে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজক অ্যাডভোকেট তানজিনা আফরিন বলেন,
“ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ যেন উৎসবের সময় কিছুটা স্বস্তি পায়—সেই চিন্তা থেকেই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষজন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





