কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আয়োজিত উঠান বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাঙচুর, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। মঙ্গলবার (রাত) উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে জামায়াতের উদ্যোগে ভাটবাড়ি দক্ষিণপাড়ায় মাওলানা আবদুল করিমের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বীর মুক্তিযোদ্ধা মো. আকতারুজ্জামান। বৈঠকে ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বৈঠকের খবর পেয়ে বিএনপির কর্মীরা সেখানে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এক পর্যায়ে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং মাওলানা জিল্লুর রহমানের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। ইটপাটকেল নিক্ষেপে জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও জানা গেছে।
ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, আমাদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। জামায়াত নিজেরাই পরিস্থিতি সৃষ্টি করেছে।
অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বুধবার দুপুরে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





