রাজধানীর শহিদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যূত্থানের ঘোষণাপত্র পাঠ বন্ধ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলামোটর কার্যালয় থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান। আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়, আমরা বলেছি যেন প্রত্যেকে যেন এটা গ্রহণ করে কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি।





