গোলাম সারওয়ার সজল :
সাভার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট তানজিনা আফরিন একান্ত সাক্ষাৎকারে তাঁর পরিকল্পনা, অঙ্গীকার ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, “আমি আপনাদের ঘরের মেয়ে। সুখে–দুঃখে, বিপদে–আপদে পাশে থেকে মানুষের সেবা করতে চাই। নির্বাচিত হলে এই তিনটি ওয়ার্ডকে একটি আদর্শ ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
সাক্ষাৎকারে তানজিনা আফরিন জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে মানুষের পাশে থাকার অভিজ্ঞতাই তাঁকে নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত করেছে। তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব শুধু উন্নয়ন কাজ করা নয়, বরং মানুষের দুঃসময়েও পাশে দাঁড়ানো।
তিনি বলেন, “ওয়ার্ডের অনেক সমস্যা আছে—ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, নারীদের সচেতনতা এবং যুবকদের সঠিক দিকনির্দেশনা। এসব বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষাবান্ধব পরিবেশ এবং বয়স্কদের সহায়তায় অগ্রাধিকার দেবো।”
তানজিনা আফরিন আরও বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারেন। নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে জনগণের মতামত নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি যোগ করেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার পথ নয়, মানুষের সেবা করার একটি মাধ্যম। আমি চাই এই তিনটি ওয়ার্ডে যেন সবাই সমান সুযোগ-সুবিধা পায় এবং একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশে বসবাস করতে পারে।”
সাক্ষাৎকারের শেষদিকে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমি দায়িত্বশীলতার সাথে কাজ করে দেখাতে চাই—জনপ্রতিনিধি মানে মানুষের আস্থার জায়গা।”





