গোলাম সারওয়ার সজল :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার উপজেলার দক্ষিণ রাজাশন ঘাসমহল এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। এ সময় তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগেই গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। রমজানের শিক্ষা হচ্ছে মানবিকতা ও সহমর্মিতা— সেই চেতনা থেকেই এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। তিনি ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় ৫৫০টি দরিদ্র ও অবহেলিত পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়, যাতে ঈদ উৎসবে তারাও নতুন পোশাকের আনন্দ ভাগ করে নিতে পারেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য ও বিএনপি নেতা জসিম উদ্দিন, প্রধান শিক্ষক আমিনুর রহমান নুরানী, সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ, পৌর ৮ নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাহিদা আক্তার কণা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।





