বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়, বরং প্রতিবেশিসুলভ আচরণ হওয়া উচিত। প্রতিবেশী যেমনই হোক না কেন তার সঙ্গে সম্পর্কও প্রতিবেশিসূচকে হতে হবে। এই বিষয়টি যদি বিজেপি সরকার বারবার এড়িয়ে যায় তাহলে মনে হয়, ভারতের মানুষের সময় এসেছে নতুন করে বিষয়গুলো নিয়ে ভাবার। তাদেরও এখন নিজেদের সংস্কারের চিন্তা-ভাবনা করা উচিত।
সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বিজয় মেলায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
এবারের বিজয় উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘৭১-কে স্বীকার করলে ২৪-কে স্বীকার করা যাবে না বিষয়টি এমন নয়। ৭১-এ যেটি শুরু হয়েছিল ২৪ সেটিরই একটি ধারাবাহিকতা। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ আওয়ামীকরণের কালো ছায়ায় আবদ্ধ ছিল। সে ছায়া কেটে যাওয়ার পর মানুষ বিজয়ের আনন্দ উপভোগ করতে পারছে। এর আগে বিজয় দিবস মানেই ছিল সকাল থেকে একই ধরনের গান বাজছে, মোটরসাইকেলের শো ডাউন চলছে আর দলীয় লোকজনের মধ্যে খিচুড়ি বিতরণ হচ্ছে। সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। জুলাই অভ্যুথানের পর বর্তমান প্রজন্ম বিজয়ের আনন্দ বুঝতে পারছে। নতুন করে বিজয় বা স্বাধীনতার চেতনা জাগ্রত করার জন্য জুলাই অভ্যুত্থানের খুব দরকার ছিল।’





