গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব এক ইফতার মাহফিলের মাধ্যমে সবার মাঝে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় রায়হান মাহবুব বলেন, “রমজান আমাদেরকে আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদের সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলতে পারে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারাটাই আমাদের আসল অর্জন।”
তিনি আরও বলেন, “রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে চাই।”
ইফতার মাহফিল শেষে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল পরিবেশ তৈরি হয়।





