গোলাম সারওয়ার সজল :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ এর উদ্যোগে গেন্ডা এলাকায় প্রায় ৬ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষ সমানভাবে উপভোগ করতে পারেন—এই লক্ষ্য থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।
বক্তব্যে আশরাফুল ইসলাম আরিফ বলেন,
“ঈদ মানেই আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এ সময় তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ও ভালোবাসা থাকলে এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজ আরও জোরদার করা সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকাবাসীর মতে, ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





