গোলাম সারওয়ার সজল :
সাভার পৌর নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তানজিনা আফরিন–এর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ৭ নম্বর ওয়ার্ডের ইমামদিপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ উঠান বৈঠক সম্পন্ন হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির মহিলা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট তানজিনা আফরিন। তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করে এলাকার সমস্যা, সম্ভাবনা ও নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, যুগ্ম আহ্বায়ক এম এ হানিফ, সদস্য রাসেল ও রানা, সাঘাটা শ্রমজীবী কল্যাণ সংস্থার সভাপতি জহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাছের আলী, সহ-সভাপতি আব্দুস ছাওয়ার, শিক্ষক নেতা মোঃ নুরুদ্দীন, সাভার পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান, সাভার পৌর যুবদলের সাবেক প্রচার সম্পাদক রাকিব আহমেদ কাউসার, জাসাসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা মনা সহ আরও অনেকে।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তানজিনা আফরিন বলেন, “আমি আপনাদের মেয়ে হয়ে আপনাদের সুখে–দুঃখে একসাথে কাজ করতে চাই। আপনাদের পাশে থেকে নাগরিক সমস্যা সমাধান, নারী উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করতে চাই।” তার এই বক্তব্যে উপস্থিতদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয়রা তাদের দৈনন্দিন নাগরিক সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন, নিরাপত্তা ও নারী–শিশু বিষয়ক বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রার্থী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
উঠান বৈঠকটি স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।





