জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রংপুর বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা মিলনায়তনে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এই আয়োজনের তত্ত্বাবধানে ছিল ঢাকাস্থ সৌদি দূতাবাস।
প্রতিযোগিতা শেষে ৩০ ও ১৫ পারা দুই গ্রুপ থেকে তিনজন করে ছয়জনের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় বাছাই পর্বের পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ ড. ওসমান গণি, সহযোগী পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ শায়খ আসাদুল্লাহ খান আল মাদানী।
আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাসের অধীন রিলিজিয়াস এট্যাচে অফিস প্রতি বছর দেশব্যাপী হিফযুল কুরআন ও হিফযুল হাদিস প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
বিভাগীয় বাছাই প্রক্রিয়া শেষে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রত্যেক গ্রুপের ১ম স্থান অধিকারীকে নগদ পুরস্কারসহ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজীজের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র ওমরাহ পালন করানো হবে। অন্যান্য বিজয়ীদেরকেও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।





